'জয় বাংলা' স্লোগান দিয়ে ঘুরলেও ছাড় নেই — হুঁশিয়ারি শুভেন্দুর।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, যারা নারী ও শিশুদের ওপর নির্যাতন করে 'জয় বাংলা' স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও রেহাই নেই। শনিবার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনি প্রচারের জনসভায় এই মন্তব্য করেন তিনি।
সভায় তিনি আরও বলেন, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ বা ঘুষ নেওয়ার একটিও প্রমাণ থাকলে অভিযোগ নিন এবং অভিযুক্তদের সরাসরি জেলে পাঠানো হবে। বিজেপির ক্ষমতায় আসার মাত্র ৮ দিনে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। দলের ৩২১ জন নিহত কর্মীর পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের চাকরি দেওয়ার ঘোষণাও দেন শুভেন্দু।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আমলে আটকে থাকা জনগণনা ফের চালু, বিএসএফকে জমি হস্তান্তর শুরু এবং সিএএ-র আওতার বাইরের 'অনুপ্রবেশকারীদের' বিদায়ের ঘোষণাও দেন তিনি।
এদিকে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রেক্ষাপটও উল্লেখযোগ্য। গত নির্বাচনে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের প্রতিবেদনে জানা যায়, ভোটের দিন সকাল থেকেই একাধিক বুথে অনিয়ম হয়েছে এবং সিসি ক্যামেরায় টেপ লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব কারণে আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতামত দিন