মার্কিন চাপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান।
যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুমকিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের পদক্ষেপ সরাসরি মানবিক মূল্যবোধের পরিপন্থি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মুখপাত্র ইসমাইল বাকেই যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে কষ্ট চাপিয়ে দেওয়ার কৌশলকে আন্তর্জাতিক রাজনীতিতে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা নৈতিকভাবে অগ্রহণযোগ্য।
বাকেই আরও বলেন, এই ধরনের অর্থনৈতিক চাপ আসলে একটি পরিকল্পিত ব্যবস্থা, যার মাধ্যমে একটি রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করা হয়। তার ভাষায়, এটি শুধু নিষেধাজ্ঞা নয়—বরং রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’।
তিনি দাবি করেন, এসব পদক্ষেপের সামগ্রিক প্রভাব মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে তা ভয়াবহ মানবিক সংকট তৈরি করতে পারে।
নিজের পোস্টে তিনি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে। সেই প্রতিবেদনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বক্তব্য তুলে ধরা হয়, যেখানে তিনি এই পদক্ষেপকে সামরিক হামলার আর্থিক বিকল্প হিসেবে বর্ণনা করেন।
মতামত দিন