ইরানের তেল নেটওয়ার্কে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের।
হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলার মধ্যেই ইরানের তেল ও জ্বালানি খাতে আরও কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের প্রভাবশালী পেট্রোলিয়াম ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করতে এবং ক্ষমতাসীন গোষ্ঠীর ঘনিষ্ঠদের আয়ের উৎস বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার অভিযোগ, এই নেটওয়ার্ক রাষ্ট্রীয় সংকটের মধ্যেও ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর পৃথক বিবৃতিতে দাবি করে, ইরান হরমুজ প্রণালিকে ব্যবহার করে বৈশ্বিক জাহাজ চলাচলকে প্রভাবিত করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে তাদের আয়ের উৎসে চাপ সৃষ্টি করাই লক্ষ্য।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামের একজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তিনি হিজবুল্লাহর অর্থায়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত।
এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ে। একদিকে সমুদ্রপথে নিয়ন্ত্রণ ও অন্যদিকে নিষেধাজ্ঞার পাল্টাপাল্টি পদক্ষেপে পুরো অঞ্চলেই অস্থিরতা আরও তীব্র হচ্ছে।

মতামত দিন