জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুর্কি স্পিকারের।
আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছেন তুরস্কের সংসদের স্পিকার নুমান কুরতুলমুস। তিনি ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি উত্থাপন করেন।
তিনি বলেন, অতীতে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক পরিসর থেকে স্থগিত করা হয়েছিল, যা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সেই উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, একই ভূখণ্ডে ভিন্ন ভিন্ন আইন প্রয়োগ করা কি বর্ণবৈষম্যের আওতায় পড়ে না।
জাতিসংঘের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন। তার মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সংস্থাটি নিরপেক্ষভাবে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে গাজায় সহিংসতা থামাতে না পারায় এর সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তার ভাষায়, জাতিসংঘ এখন শক্তিধর রাষ্ট্রগুলোর প্রভাবাধীন একটি কাঠামোয় পরিণত হয়েছে।
অধিবেশনের বাইরে তিনি ওমানের মধ্যস্থতার প্রশংসা করেন এবং পাকিস্তানে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানান, যাতে যুদ্ধবিরতি টেকসই হয়।
তিনি আরও সতর্ক করেন, ইসরায়েলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।
এই সম্মেলনে প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
মতামত দিন