হরমুজে ‘পুলিশের’ ভূমিকা’ নিলে মার্কিন জাহাজে হামলার ইঙ্গিত ইরানের।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসিন রেজাই বলেন, হরমুজ প্রণালিতে ‘পুলিশের’ ভূমিকা নেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তিনি প্রশ্ন তোলেন, এমন দায়িত্ব নেওয়া যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনীর কাজ কি না।
তার ভাষায়, অবরোধ কার্যকর করতে থাকা মার্কিন জাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সহজেই ধ্বংস হতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে। পরবর্তীতে ওই অঞ্চলে ইরানের বন্দরগুলোর ওপর নৌ–অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
এদিকে, মোহসিন রেজাই ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি দীর্ঘদিন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি অবসর ভেঙে তিনি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
মতামত দিন