আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ইসরায়েলের প্রধান বিমানবন্দর।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল-ইরান সংঘাতের ১৬তম দিনে এসে নতুন মাত্রায় উত্তেজনা ছড়িয়েছে তেল আবিবে। রাজধানীজুড়ে পরপর পাঁচটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনার পর নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর।

রোববার (১৫ মার্চ) রয়া নিউজ জানায়, সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিস্ফোরণের পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়। একই সঙ্গে দেশটির আকাশসীমায় বাড়তি সতর্কতা আরোপ করা হয়েছে।

এই বিস্ফোরণগুলোর অভিঘাতে তেল আবিবের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আকস্মিক ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলেও শহরজুড়ে উদ্বেগ কাটেনি।

উত্তর ইসরায়েলেও একই সময়ে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। দেশটির চ্যানেল ১২ জানিয়েছে, সীমান্তবর্তী মেতুলা শহরের দিকে তিনটি রকেট ছোড়া হয়েছে। এ ছাড়া হোম ফ্রন্ট কমান্ডের তথ্যমতে, উচ্চ গ্যালিলির আভিভিম এলাকায় বিমান হামলার সতর্কসংকেতও বেজে উঠেছে।

ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে। ইরান ও হিজবুল্লাহর হামলা ঠেকাতে আইরন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা টানা ব্যবহার করতে হচ্ছে। সামরিক বিশ্লেষকদের একাংশের মতে, তেল আবিবের মতো সুরক্ষিত এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ নিরাপত্তা বলয়ের দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর সংকটও সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও লেবানন—দুই দিকের সংঘাতে গোলাবারুদের মজুত দ্রুত কমে আসছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল।

মতামত দিন