ইরানে বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের পরিবারকে ২ লাখ ডলার দিচ্ছে চীন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। এরই মধ্যে যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিশু নিহত হয়।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় স্কুলে অন্তত ১৬৫ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগ শিশু। তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই প্রাণঘাতী হামলার জন্য দায়ী করেছে।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের রেড ক্রিসেন্ট সোসাইটি ইরানের রেড ক্রিসেন্টকে ২ লাখ ডলার দেবে। নিহত শিক্ষার্থীদের অভিভাবক ও পরিবারের প্রতি সমবেদনা হিসেবে এই অর্থ প্রদান করা হবে। চীনের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার সীমা অতিক্রম করে।
তিনি আরও জানিয়েছেন, এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা চীনের উদ্দেশ্য। অন্যদিকে, বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি টমাহক ক্ষেপণাস্ত্র ওই স্কুলে আঘাত হেনেছিল। তবে ইসরায়েল এই হামলায় জড়িত থাকার বিষয় অস্বীকার করেছে।

মতামত দিন