হরমুজে জাহাজ চলাচল সচল রাখতে নতুন পদক্ষেপ ভাবছে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি দিয়ে তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন যাতে বন্ধ না হয়, সে জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জাহাজ চলাচল নিরাপদ রাখতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বীমা সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে তেল ও পণ্য পরিবহনের ধারাবাহিকতা বজায় রাখতে কয়েকটি সম্ভাব্য উদ্যোগের কথা ইঙ্গিত দিয়েছেন তিনি।
এর মধ্যে অন্যতম পদক্ষেপ হতে পারে নৌবাহিনী মোতায়েন করে সমুদ্রপথে তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া আরেকটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, যদিও সেটি এখনো প্রকাশ্যে আনা হয়নি। সেই পরিকল্পনা অনুযায়ী জাপান থেকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন মেরিন সেনা পাঠানো হতে পারে। ধারণা করা হচ্ছে, তারা দুই সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে পারেন। সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজে তল্লাশি চালানো এবং এসকর্ট দেওয়ার মতো কাজে ব্যবহার করা হতে পারে।
অন্যদিকে ইরানকে সরাসরি সতর্কবার্তাও দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যদি তেহরান উত্তেজনা বাড়ানোর পথেই এগোয়, তবে তাদের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। খার্গ দ্বীপে হামলার সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে তিনি আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন।
সূত্র: আল জাজিরা
মতামত দিন