আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরাকে ফরাসি সেনাদের নিরাপত্তা নিশ্চিতে সুদানিকে ধন্যবাদ ম্যাক্রোঁর।

নিজেস্ব প্রতিবেদক:

ইরাকে অবস্থানরত ফরাসি সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শনিবার তিনি জানান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে তিনি সুদানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ম্যাক্রোঁ বলেন, “গতকাল আমি ইরাকের প্রধানমন্ত্রী সুদানির সঙ্গে কথা বলেছি।”

তিনি আরও বলেন, হামলার প্রকৃত কারণ উদঘাটনে সুদানির প্রতিশ্রুতি এবং ফরাসি সেনাদের নিরাপত্তা জোরদারে নেওয়া পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ। ম্যাক্রোঁর ভাষ্য, “আমাদের সেনারা ইরাকে অবস্থান করছে ইরাকিদের সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য।”

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্যারিসে বৈঠক আয়োজন করতে প্রস্তুত ফ্রান্স।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, লেবাননের নেতৃত্ব ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তাই এই সুযোগ কাজে লাগাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি।

ম্যাক্রোঁর মতে, আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির পথ খুলে দেওয়া, স্থায়ী সমাধান খোঁজা এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সরকারকে কাজ করার সুযোগ দেওয়া জরুরি।

এ ছাড়া ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার এবং হিজবুল্লাহকে হামলা থামানোর আহ্বানও জানিয়েছেন তিনি। তার ভাষায়, লেবাননকে যেন নতুন করে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া না হয়, সে জন্য সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

মতামত দিন