ভুয়া ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৪ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সি জানায়, বিষয়টি নিয়ে জরুরি বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি।
কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন যা বাস্তব ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা জনমনে আতঙ্ক তৈরি করতে পারে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার সময়ে এ ধরনের প্রচার জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ছড়ানো ভিডিওগুলোর অনেকগুলোতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার দৃশ্য, মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্র কিংবা জনসমাগমের দৃশ্য দেখানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিস্ফোরণ ও হামলার কৃত্রিম দৃশ্য তৈরি করা হয়েছে।
কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে পরিস্থিতিকে আরও ভয়াবহভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনকি অন্য দেশের সামরিক স্থাপনায় হামলার দৃশ্য আমিরাতের ঘটনা বলে প্রচার করা হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় পাবলিক প্রসিকিউশন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা বা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো চেষ্টা সহ্য করা হবে না।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, ক্যামেরুন ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া দুইজন ভারতীয় নাগরিকও আটক হয়েছেন।
সূত্র: খালিজ টাইমস

মতামত দিন