আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের আশঙ্কায় রাশিয়ার তেল নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করল যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় রাশিয়ার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞার কিছু অংশ সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ মার্চ) ভোরে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

পটভূমিতে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়।

এই পরিস্থিতিতে ইতোমধ্যে জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়া হয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১২ মার্চের মধ্যে যেসব তেল ও জ্বালানি পণ্য জাহাজে লোড করা হয়েছে, সেগুলো ১১ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা যাবে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের কারণে তৈরি হওয়া সম্ভাব্য জ্বালানি সংকটের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাকসহ উপসাগরীয় দেশগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পাঠায়।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি খাতের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা।

সূত্র: ফ্রান্স ২৪

মতামত দিন