আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। এ জন্য বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল তিনটার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকে ওই বিমানে করেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা কিছু সময় হাসপাতালে অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

এর আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

প্রসঙ্গত, গত বুধবার ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং এক পর্যায়ে জ্ঞান হারান। পরে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।

মতামত দিন