ইরানের ভেতরে ‘ব্যাপক হামলা’ চালানোর দাবি আইডিএফের।
ইরানের অভ্যন্তরে সরকারি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। জেরুজালেম থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সাম্প্রতিক হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় লক্ষ্যভিত্তিক আঘাত হানছে। এ সময় তেহরানের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে বলে জানা যায়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা ইরান–ইসরায়েলের ‘ছায়া সংঘাত’ এখন ক্রমেই সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে। গত ১ অক্টোবর ইরান ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা হিজবুল্লাহ ও হামাস নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয় বলে দাবি করা হয়েছিল। ওই ঘটনার পর থেকেই ইসরায়েল ইরানের ভূখণ্ডে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পেছনে আরও রয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসকে ঘিরে সংঘাত এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এসব ইস্যু মিলেই অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
বিশ্ব সম্প্রদায়ের আশঙ্কা, দুই দেশের সরাসরি পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে।

মতামত দিন