আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে জার্মান কার্গো জাহাজে হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি জার্মান মালিকানাধীন কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের শীর্ষ শিপিং কোম্পানিগুলোর একটি হাপাগ-লয়েড জানিয়েছে, তাদের ‘সোর্স ব্লেসিং’ নামের জাহাজটি ওই কৌশলগত জলপথ দিয়ে যাওয়ার সময় একটি প্রজেক্টাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতির মুখে পড়ে।

কোম্পানির তথ্য অনুযায়ী, জাহাজটিকে সরাসরি লক্ষ্য করে হামলা না হলেও ক্ষেপণাস্ত্র বা ড্রোনজাতীয় কোনো প্রজেক্টাইলের ভাঙা অংশ জাহাজে আঘাত হানে। এতে ডেকে আগুন ধরে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই নিরাপত্তাজনিত কারণে হাপাগ-লয়েড পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন কার্গো বুকিং সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল।

এর আগে বৈশ্বিক শিপিং জায়ান্ট মারস্ক-ও একই কারণে ওই রুটে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক হামলার ধারাবাহিকতা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। গাজা যুদ্ধের পর থেকে বিভিন্ন আঞ্চলিক শক্তি ও সশস্ত্র গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথগুলো ক্রমেই অস্থির হয়ে উঠছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইতোমধ্যেই অনেক বড় শিপিং কোম্পানি আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে। সর্বশেষ এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীসহ আশপাশের জলপথে ঝুঁকি আরও বেড়েছে, যা বৈশ্বিক পণ্য পরিবহন ব্যয় ও জ্বালানির দামে প্রভাব ফেলতে পারে।

মতামত দিন