আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধ দ্রুত শেষ হবে, ইরানে হামলার মতো কিছু নেই: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ওপর চালানো সামরিক অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং যুদ্ধের সমাপ্তি খুব বেশি দূরে নয়—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরানে আঘাত করার মতো উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু প্রায় আর অবশিষ্ট নেই।

বুধবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানটি শুরুতে প্রায় ছয় সপ্তাহ ধরে চলবে—এমন একটি পরিকল্পনা করা হয়েছিল। তবে বাস্তবে সামরিক অগ্রগতি প্রত্যাশার তুলনায় দ্রুত হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়েও অনেক এগিয়ে রয়েছে অভিযান এবং পরিকল্পনার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র।

প্রায় পাঁচ মিনিটের ওই ফোনালাপে ট্রাম্প আরও বলেন, এখনো বিচ্ছিন্নভাবে কিছু লক্ষ্যবস্তু থাকতে পারে। তবে তার দাবি, তিনি যখন সিদ্ধান্ত নেবেন তখনই যুদ্ধের সমাপ্তি ঘটানো সম্ভব হবে।

সাম্প্রতিক কয়েক দিনে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবু সর্বশেষ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, সামরিক অভিযান “খুব ভালোভাবেই” এগোচ্ছে।

ট্রাম্পের মতে, ইরান শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্যই হুমকি হয়ে ওঠেনি; তারা পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। গত ৪৭ বছর ধরে অঞ্চলজুড়ে সহিংসতা ও অস্থিরতার জন্য তেহরানকে দায়ী করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি তাদের দীর্ঘদিনের কর্মকাণ্ডেরই পরিণতি।

সূত্র: অ্যাক্সিওস।

মতামত দিন