আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বেসামরিক ও উপসাগরীয় হামলার নিন্দা জানাল চীন।

নিজেস্ব প্রতিবেদক:

চীন মধ্যপ্রাচ্যে বেসামরিক ও উপসাগরীয় অঞ্চলের নাগরিকদের ওপর হামলার কড়া নিন্দা জানিয়েছে। বেইজিং জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং পরিস্থিতি আরও অব্যাহত থাকলে সংঘাত বিস্তৃত হতে পারে।

বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “চীন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে আক্রমণকে সমর্থন করে না। বেসামরিক নাগরিক বা অ-সামরিক স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো হামলা সম্পূর্ণভাবে নিন্দনীয়।” তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি বিষয় হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতকে আরও বড় রূপ নেয়ার আগে তা নিয়ন্ত্রণে আনা।

গুয়ো জিয়াকুন বলেন, “সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তি পুনঃপ্রতিষ্ঠা একমাত্র সমাধান। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা অপরিহার্য।” তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

এর আগে, চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় চীন আশা প্রকাশ করে, জটিল পরিস্থিতির মধ্যেও ইরান অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখবে এবং প্রতিবেশী দেশগুলোর যৌক্তিক উদ্বেগ গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ওই হামলায় এক হাজারের বেশি নিহত ও প্রায় ১০ হাজার আহত হন। প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি স্থানে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মতামত দিন