আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যে আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

নিজেস্ব প্রতিবেদক:

চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আঘাত পেলেও তিনি বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, মোজতবা খামেনির আহত হওয়ার খবর জানার পর তিনি বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন, ‘আল্লাহর রহমতে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও জানিয়েছে, যুদ্ধের সময় তিনি আহত হলেও তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, সংঘাতের সময় মোজতবা খামেনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে তার আঘাতের ধরন বা কতটা গুরুতর—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গত রোববার ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। ৮৮ সদস্যের এই পরিষদই সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও নিহত হন।

মোজতবা খামেনি আগে কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি বা কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকাকালে দেশের রাজনীতিতে তার প্রভাব ছিল বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরেই তাকে সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

মতামত দিন