সৌদি আরবে মার্কিন ঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে ইরান। লক্ষ্যবস্তু ছিল মার্কিন সেনা উপস্থিত একটি বিমানঘাঁটি ও রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর।
রোববার (১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন বাহিনীর ব্যবহৃত প্রিন্স সুলতান এয়ারবেসকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে বলা হয়, বিকেলের দিকে বিমানবন্দর ও সামরিক ঘাঁটির আশপাশ এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এতে বিমান চলাচল স্বাভাবিক থাকে এবং কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক প্রত্যক্ষদর্শী আকাশে বিস্ফোরণের শব্দ ও প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রম দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
এর আগে উপসাগরীয় অঞ্চলের দুবাই, আবুধাবি, কুয়েত সিটি ও বাহরাইনের মানামার বিমানবন্দরগুলোতেও হামলার চেষ্টা চালানো হয়। আবুধাবিতে একটি ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতি থাকলেও যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটিগুলোর বেশিরভাগই বাহরাইন ও কাতারে অবস্থিত।

মতামত দিন