আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে কঠোর বার্তা সৌদির, জাতীয় নিরাপত্তা প্রশ্নে আপস নয়।

নিজেস্ব প্রতিবেদক:

ইয়েমেন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে প্রকাশ্য অসন্তোষ জানাল সৌদি আরব।দেশটি স্পষ্ট করে জানিয়েছে, এই ইস্যুতে তাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

প্রয়োজনে শক্ত অবস্থান নিতেও প্রস্তুত রিয়াদ।

মঙ্গলবার দেওয়া এক সরকারি বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,ইয়েমেনে সাম্প্রতিক কিছু কার্যক্রম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের মুকাল্লা বন্দরে প্রবেশ করা দুটি অস্ত্রবাহী জাহাজ লক্ষ্য করে সীমিত আকারে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের পক্ষ থেকে জানানো হয়,হাদরামাউত ও মাহরা এলাকায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের কাছে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছিল, যা জোটের পূর্বানুমোদন ছাড়াই করা হয়েছে। এই কারণেই সামরিক পদক্ষেপ নেওয়া হয়।

বিবৃতিতে সৌদি আরব দাবি করে, ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পুনর্বহালের প্রচেষ্টাকে দুর্বল করছে এমন কর্মকাণ্ড। জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও আমিরাতের মধ্যে কৌশলগত দূরত্ব বেড়েছে। বিশ্লেষকদের মতে, প্রকাশ্য এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশের সম্পর্কে নতুন মাত্রার টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে।

মতামত দিন