রাশিয়ার সহায়তায় মহাকাশে ৩টি নতুন স্যাটেলাইট পাঠাল ইরান।
ইরান পশ্চিমা দেশগুলোর নজরদারি এবং ইসরায়েলের চাপ উপেক্ষা করে মহাকাশে নিজেদের শক্তি প্রদর্শন করল। রাশিয়ার সহায়তায় দেশটি সম্প্রতি তিনটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক চাপ সত্ত্বেও তেহরান দেখিয়ে দিয়েছে, তাদের প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত হয়নি। স্যাটেলাইটগুলো মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করবে এবং কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণের কাজে ব্যবহার হবে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি এই অভিযানকে ইরানি বিজ্ঞানীদের বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সব কিছুর মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানের নিজস্ব প্রযুক্তি ও গবেষণার ফল। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান-রাশিয়া সহযোগিতা শুধুমাত্র মহাকাশে সীমাবদ্ধ নয়, অন্যান্য ক্ষেত্রেও তারা একসাথে কাজ করছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। যদিও পশ্চিমা দেশগুলি অভিযোগ করেছে, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে, তেহরান এই দাবি বারবার অস্বীকার করেছে। মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠানো এই বন্ধুত্বের দৃঢ়তারই প্রতিফলন।
মতামত দিন