মেক্সিকোর ওয়াক্সাকায় ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩, আহত ৯৮।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে রোববার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে, এতে অন্তত ১৩ জন মারা গেছেন এবং আরও ৯৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ২৫০ যাত্রী ছিলেন।
নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটির ইঞ্জিন হঠাৎ লাইনচ্যুত হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা কম বলা হলেও পরে সংশোধিত তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়।
দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম শোক প্রকাশ করেছেন এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ওই রেলপথ মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যাত্রী ও মালবাহী উভয় পরিবহনেই ব্যবহৃত হয়। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সময় এটি চালু করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর একই রুটে একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে, তবে সে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

মতামত দিন