আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মসজিদুল হারামে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত সৌদি নিরাপত্তা সদস্য।

নিজেস্ব প্রতিবেদক:

মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রাণঘাতী একটি পরিস্থিতি তৈরি হলেও শেষ মুহূর্তে বড় দুর্ঘটনা এড়ানো গেছে এক সৌদি নিরাপত্তা কর্মকর্তার আত্মত্যাগী চেষ্টায়। নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে তিনি ওপর তলা থেকে নিচে ঝাঁপ দিতে থাকা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন।

এতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্র্যান্ড মসজিদের ওপর তলার কিনারায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎ নিচে লাফ দেওয়ার উদ্যোগ নেন। নিচে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় এক সদস্য দ্রুত এগিয়ে গিয়ে দুই হাত বাড়িয়ে তাকে ধরতে যান।

ঝাঁপ দেওয়া ব্যক্তি সরাসরি ওই কর্মকর্তার ওপর এসে পড়লে দুজনেই মারাত্মকভাবে আহত হন। সৌদি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্ব পালনের সময় ওই কর্মকর্তার শরীরের একাধিক হাড় ভেঙে গেছে। আহত দুজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি নিয়ে প্রকাশিত ভিডিও ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দায়িত্ব পালনে এক নিরাপত্তা কর্মকর্তার এমন সাহসী ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন