বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া সতর্কবার্তা দেন।
মমতা অভিযোগ করেন, ভোটার তালিকার খসড়া সংশোধন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে করা হচ্ছে। তিনি বলেন, “এটি সম্পূর্ণ অপরিকল্পিত। নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশনা বদলাচ্ছে—এ পর্যন্ত ২২ থেকে ২৪ বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে। প্রকৃত ভোটাররা এখন হয়রানির শিকার।”
তিনি আরও জানান, খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কি না তা বাড়ি বাড়ি যাচাই করতে এবং অনিয়ম ধরা পড়লে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করতে সহযোগিতা করতে।
বিজেপির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “বাংলা জিতে, আমরা দিল্লিও কেড়ে নেব। চাইলে আমার গলা কেটে দিন, তবু আমি মানুষের পক্ষে কথা বলব।” তিনি ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়াকে “চূড়ান্ত ভুল” আখ্যা দিয়েছেন এবং দাবি করেছেন, ব্যালট বাক্সে এর প্রভাব পড়বে না।
মুখ্যমন্ত্রী দলের বিধায়ক, কাউন্সিলর ও কর্মীদের নির্দেশ দিয়েছেন, যারা অনিয়মের শিকার হয়েছেন বা শুনানির নোটিশ পেয়েছেন তাদের পাশে দাঁড়াতে।
সূত্র: নিউ ইয়র্ক মর্নিং

মতামত দিন