আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

টেক্সাস উপকূলে চিকিৎসা মিশনের বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৫ জন।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী এলাকায় মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে। মেক্সিকান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।

নৌবাহিনীর বিবরণ অনুযায়ী, উড়োজাহাজটি একটি মানবিক চিকিৎসা অভিযানে যুক্ত ছিল। এতে মোট আটজন ছিলেন—এর মধ্যে চারজন সামরিক কর্মকর্তা এবং চারজন বেসামরিক ব্যক্তি। বেসামরিক যাত্রীদের একজন ছিল শিশু।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এতে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো খোঁজে পাওয়া যায়নি। নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যালভেস্টন উপসাগরের কাছাকাছি এলাকায় অবতরণের চেষ্টা চলাকালে উড়োজাহাজটির সঙ্গে দুর্ঘটনা ঘটে। কী কারণে এটি ভেঙে পড়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সূত্রগুলো জানায়, উড়োজাহাজটি মেক্সিকোর মেরিদা শহর থেকে যাত্রা শুরু করেছিল। টেক্সাস উপকূলের কাছে এসে এর শেষ অবস্থান শনাক্ত করা যায়।

মেক্সিকান নৌবাহিনী আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি একটি দাতব্য সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছিল, যার লক্ষ্য ছিল গুরুতর দগ্ধ শিশুদের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পরিবহন নিরাপত্তা সংস্থার তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কতটা প্রভাব ফেলেছে, তা স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রতিক সময়ে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছিল বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

মতামত দিন