ইন্তেকাল করেছেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান।
মদিনার পবিত্র মসজিদে নববীর আকাশে আর ভেসে উঠবে না সেই পরিচিত কণ্ঠ। ইন্তেকাল করেছেন মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজ শেষে মসজিদে নববীতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ইসলামের ইতিহাসসমৃদ্ধ জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
শেখ ফয়সাল নোমান দীর্ঘ সময় ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠের আজান, ধর্মীয় শালীনতা ও দায়িত্ববোধ বিশ্বজুড়ে কোটি মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল।
ইনসাইড দ্য হারামাইন সূত্রে জানা যায়, ১৪২২ হিজরি (২০০১ খ্রিষ্টাব্দ) সালে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এই পবিত্র দায়িত্ব তিনি গ্রহণ করেন। তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, আর তার বাবা মাত্র ১৪ বছর বয়সেই এই দায়িত্ব লাভ করেছিলেন।
প্রায় আড়াই দশক ধরে—১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত—তিনি নিষ্ঠা ও সম্মানের সঙ্গে এই দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে মদিনা ছাড়িয়ে গোটা মুসলিম বিশ্বে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন