সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে ব্যাপক অভিযান চালিয়ে ১৭ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের বরাতে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৮০১ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী। অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৫০৯ জনকে আটক করা হয়।
পরবর্তী পদক্ষেপ হিসেবে ২০ হাজারের বেশি আইনভঙ্গকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, এছাড়া ৫ হাজার ৮০ জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার ৬৬১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপীয় এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন ও অবৈধ আশ্রয় দেওয়া সম্পত্তিও জব্দ করা হতে পারে। বর্তমানে ২৯ হাজার ৭৭১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৮ হাজার ১৯৮ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।
মতামত দিন