বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বাড়লো সৌদিতে।
সৌদি আরব বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। রিয়াদের বাংলাদেশি দূতাবাস শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন প্রতি বছর ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তির আওতায় নেয়া হবে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ও ওয়েবসাইটে এই বৃত্তির বিস্তারিত ঘোষণা করেছে। দেশটিতে ৩০টি পাবলিক এবং ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে।
বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। বিষয়ভিত্তিক কোর্সের মধ্যে রয়েছে—অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল। বয়সসীমা নির্ধারিত—স্নাতক পর্যায়ের জন্য ১৭–২৫ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর।
শিক্ষার্থীরা ইসলামিক ইউনিভার্সিটি অব মাদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় ও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
আগে বিদেশি শিক্ষার্থীদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আবেদন করতে হতো। নতুন ব্যবস্থায় একজন শিক্ষার্থী সর্বাধিক ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি নির্বাচন করে আবেদন করতে পারবেন। পরে মেধা ও নির্ধারিত কোটা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

মতামত দিন