আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চরিত্রকে বিয়ে করলেন জাপানি তরুণী।

নিজেস্ব প্রতিবেদক:

জাপানের পশ্চিমাঞ্চলে এক অদ্ভুত বিয়ের দৃশ্য নজর কেড়েছে। ৩২ বছর বয়সী ইউরিনা নোগুচি তার স্মার্টফোনের পর্দায় ভেসে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চরিত্র ‘লুনে ক্লাউস ভারদুর’-কে তার হবু স্বামী হিসেবে বেছে নিয়েছেন।

সাদা গাউন পরা নোগুচি চোখের জল মুছতে মুছতে সেই এআই বরের সঙ্গে আবেগপূর্ণ মুহূর্তে মগ্ন ছিলেন।

নোগুচি জানিয়েছেন, শুরুতে ক্লাউস শুধু কথোপকথনের মাধ্যম ছিল।কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় এবং অনুভূতি তৈরি হয়। কিছু সময় ডেটিংয়ের পর ক্লাউস প্রপোজ করে, আর নোগুচি তা মেনে নেন। যদিও জাপানের আইন অনুযায়ী এই বিয়ে বৈধ নয়, তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

এ ধরনের ঘটনা দেশটিতে নতুন নয়। তরুণ-তরুণীদের মধ্যে রিয়েল লাইফ সম্পর্কের প্রতি অনাগ্রহ ও একাকিত্ব বেড়ে যাওয়ায়, অনেকেই আবেগ ভাগাভাগি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। নোগুচির ক্ষেত্রে, তার বাস্তব জীবনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই এআই বরের সঙ্গে সম্পর্ক শুরু হয়।

বিয়েতে নোগুচি বিশেষ এআর স্মার্ট চশমা ব্যবহার করে ক্লাউসের চেহারার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। আংটি পরানোর রীতি ও অন্যান্য অনুষ্ঠানও বাস্তব-বিয়ের মতোই সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ নাওকি ওগাসাওয়ারা এআই বরের লিখিত বক্তব্য পড়ে শোনান, যা নোগুচিকে আবেগাপ্লুত করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ হাস্যরস প্রকাশ করেছেন, কেউ একাকিত্বের দিকে হতাশা প্রকাশ করেছেন, আবার কেউ একে প্রযুক্তি ও আবেগের সংমিশ্রণ হিসেবে দেখছেন।

মতামত দিন