৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দিল ভারত।
ভারতের ওড়িশা রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ৩৫ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে।এই নিয়ে রাজ্যে সিএএর আওতায় নাগরিকত্বপ্রাপ্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১-এ।
নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানটি আয়োজন করে রাজ্য সরকার। নতুন নাগরিকদের স্বাগত জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, আইনটি নির্যাতিত সংখ্যালঘুদের জন্য আশ্বাস এবং আশ্রয়ের প্রতীক। অনুষ্ঠানে ২০১৯ সালের সিএএর বিধান অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু ধর্মাবলম্বী ৩৫ জনকে নাগরিকত্ব সনদ দেওয়া হয়।
এদিকে, একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ৪০ বছর বয়সী এই নারী ২০০৭ সালে চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে ভারতে আসেন। শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেব জানান, নারীর সঙ্গে শ্রীভূমি জেলার এক যুবকের পরিচয় হয় এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি সন্তান রয়েছে।
ধর্মানন্দ দেব আরও বলেন, এই নারী সিএএর বিধি অনুযায়ী নাগরিকত্ব পেয়েছেন। এছাড়া নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৫(১)(সি) ও ৬বি ধারার অধীনে নিবন্ধনের মাধ্যমে রাজ্যে প্রথমবারের মতো কাউকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বিধান অনুযায়ী, ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ ও সাত বছরের ধারাবাহিক বসবাস থাকলে নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করা সম্ভব।
সূত্র: দ্য হিন্দু
মতামত দিন