আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

উড্ডয়নের পর ইঞ্জিন বিকল, জরুরি অবতরণে প্রাণে বাঁচলেন ২৮০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে জরুরি অবতরণ করেছে টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রক্ষা পেয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলে ইউনাইটেড ফ্লাইট ৮০৩ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। আকাশে ওঠার পরপরই বিমানের একটি ইঞ্জিন শক্তি হারায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে একই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বোয়িং ৭৭৭-২০০ মডেলের ওই বিমানে মোট ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। এই ঘটনায় কেউ আহত হননি।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর সব নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করেই বিমানটি অবতরণ করানো হয়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ডালেস বিমানবন্দরের রানওয়ের পাশে ধোঁয়া উঠতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ইঞ্জিনের একটি কভার খুলে পড়ে আগুন ধরে যায়, যার ফলে বিমানবন্দরের ভেতরের ঝোপঝাড়ে আগুন লাগে। তবে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি বলছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এফএএ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিয়ে একই দিনে পরে বিকল্প আরেকটি বিমানে ফ্লাইটটি আবার পরিচালনা করা হবে।

মতামত দিন