নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে মারধর করে গ্রেপ্তার করল ইরানের নিরাপত্তা বাহিনী।
ইরানের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে মারধরের পর গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার তাকে আটক করা হয় মাশহাদ শহরে এক স্মরণসভা থেকে।
সমর্থক ও স্বজনদের বরাতে জানা গেছে, সম্প্রতি মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন নার্গিস মোহাম্মদি। ওই অনুষ্ঠান চলাকালেই তাকে মারধর করে নিরাপত্তা বাহিনী আটক করে নিয়ে যায়। একই সময় আরও কয়েকজন মানবাধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়।
নার্গিস মোহাম্মদির ভাই ও ‘নার্গিস ফাউন্ডেশন’ পৃথকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নার্গিস মোহাম্মদি ও তার সঙ্গে আটক অন্য মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে খসরো আলিকোর্দির কার্যালয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার পর থেকেই মানবাধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এদিকে নার্গিস মোহাম্মদির গ্রেপ্তার প্রসঙ্গে এখন পর্যন্ত ইরান সরকার বা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালে ইরানে নারীদের প্রতি নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে নার্গিস মোহাম্মদিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

মতামত দিন