মিয়ানমারের রাখাইনে সামরিক বিমান হামলায় নিহত অন্তত ৩১ জন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় মানবিক সহায়তা কর্মী ওয়াই হুন অং-এর বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যার এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
হামলার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা যায়। চিকিৎসক ও স্টাফসহ সাধারণ মানুষও হতাহতদের তালিকায় রয়েছে। একটি হাসপাতালে ২০টির মতো মরদেহ রাখা আছে বলে জানান সংশ্লিষ্টরা।
সামরিক শাসনের অধীনে আসন্ন ২৮ ডিসেম্বরের নির্বাচনের আগে এমন হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে গত দুই বছরে বিমান হামলার হার দ্রুত বেড়েছে—বিশেষত বিদ্রোহীপ্রবণ অঞ্চলগুলোতে।
এর আগে গত অক্টোবরেও সাগাইং অঞ্চলে এক ধর্মীয় উৎসবে বিমান থেকে বোমা বর্ষণ করে সেনাবাহিনী। সেই ঘটনায় অন্তত ২৪ জন প্রাণ হারান এবং ৪৫ জন আহত হন।
জাতিসংঘ সামরিক জান্তার এই ধারাবাহিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে—এগুলো স্পষ্টভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। সংঘাতের সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চলেই সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে। শুধু ২৮ মার্চই সেখানে ১০৮টির বেশি বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছিলেন।
চলমান সহিংসতায় সাধারণ মানুষসহ আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তথ্যসূত্র: এএফপি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

মতামত দিন