আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের ‘বাবরি মসজিদ’ উদ্যোগে দানবাক্স উপচে পড়ছে,এখন পর্যন্ত উঠেছে পৌনে ২ কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ নিয়ে শুরু হওয়া তহবিল সংগ্রহ অভিযানে স্থানীয় ও অনলাইন উভয় মাধ্যমে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই দানবাক্সগুলো ভরে উঠেছে, আর বিষয়টি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে উঠে এসেছে।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। তার দাবি, মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি। সোমবার দুপুর নাগাদ ইতোমধ্যে চারটি দানবাক্স এবং একটি বস্তা খুলে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। পাশাপাশি অনলাইন কিউআর কোডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস থেকে এসেছে আরও ৯৩ লাখ রুপি। সাতটি বাক্স এখনো খোলা হয়নি। সব মিলিয়ে অনুদান ১ কোটি ৩০ লাখ রুপি ছাড়িয়েছে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকার মতো।

গত শনিবার (০৬ ডিসেম্বর) রেজিনগরে কড়া নিরাপত্তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দিনটি বেছে নেওয়া হয় বাবরি মসজিদ ধ্বংসের তারিখের সঙ্গে মিল রেখে, যা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। সেদিন মানুষের ঢল নামে; পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হয় প্রায় ৪০ হাজার মানুষের খাবার—শাহি বিরিয়ানি। এরপর স্থানীয় বাসিন্দারা ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে সমর্থন জানাতে শুরু করেন।

রোববার গভীর রাত পর্যন্ত প্রায় ৩০ জনের একটি দল ক্যাশ-কাউন্টিং মেশিন দিয়ে পাওয়া অনুদান গণনা করেন। পুরো প্রক্রিয়া ভিডিও করার পাশাপাশি সরাসরি সম্প্রচারও করা হয় স্বচ্ছতা নিশ্চিত করতে।

সোমবার সন্ধ্যায় বাকি সাতটি বাক্স খোলা হবে। এরপর সংগৃহীত অর্থ সিসিটিভির আওতায় নিরাপদ কক্ষে সংরক্ষণ করে ব্যাংকে জমার প্রস্তুতি নেওয়া হবে।

সূত্র: ন্যাশনাল হেরাল্ড

মতামত দিন