আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পেরুতে দুর্নীতি অনুসন্ধানী সাংবাদিক ফার্নান্দো নুনেজকে গুলি করে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

পেরুতে সাংবাদিক হত্যা নিয়ে উদ্বেগ নতুন করে চেপে বসেছে। চলতি বছর দেশটিতে সহিংস অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছে যে অক্টোবর পর্যন্ত ১ হাজার ৮৮৮টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে—গত বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

মহামারি-পরবর্তী দারিদ্র্য, রাজনৈতিক অচলাবস্থা, গ্যাং সহিংসতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

এই সহিংসতার মধ্যেই দুর্নীতি উন্মোচনে সক্রিয় থাকা সাংবাদিক ফার্নান্দো নুনেজ প্রাণ হারালেন। স্থানীয় ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (এএনপি)’ জানায়, পৌরসভা-সংক্রান্ত দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে মাঠে কাজ করছিলেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ভাড়াটে হামলাকারীরা তাদের পথ আটকে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নুনেজ মারা যান, আর ভাইকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এএনপি নিশ্চিত করেছে, নুনেজের বিরুদ্ধে হামলাটি নিছক সহিংসতা নয়—তার অনুসন্ধানী প্রতিবেদনই তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সংগঠনটি বলছে, সাংবাদিকদের ওপর এমন আক্রমণ গণতন্ত্রের ভিত্তি ও মানুষের তথ্য পাওয়ার অধিকারকে সরাসরি আঘাত করে।

চলতি বছরে পেরুতে এ ধরনের হামলায় নিহত তিন সাংবাদিকের একজন নুনেজ; এর আগে গাস্তন মেদিনা ও রাউল সেলিস একইভাবে জীবন হারিয়েছিলেন।

মতামত দিন