পাকিস্তান–আফগানিস্তান সীমান্তের সংঘর্ষে ২৩ আফগান সেনা নিহত।
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বেলুচিস্তানের চামান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় টানা দুই দিনে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউজ।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারাই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করে ছোট অস্ত্রে গুলি ছোড়ে। এরপর পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিলে গোলাগুলি প্রায় ৪৫ মিনিট ধরে চলে। শুরুতে হালকা অস্ত্র ব্যবহৃত হলেও পরিস্থিতি ঘনিয়ে আসায় দুই পক্ষই পরে ভারী অস্ত্র নামিয়ে আনে। রকেট লঞ্চার, কামান ও বিভিন্ন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। এতে আফগান তালেবান বাহিনীর অন্তত তিনটি সীমান্ত পোস্ট ধ্বংস হয়ে যায়।
দ্য নিউজের সূত্র দাবি করেছে, বেসামরিক মানুষকে ক্ষয়ক্ষতির বাইরে রাখতে পাকিস্তান সেনারা ‘নির্ভুল লক্ষ্যভেদী’ অস্ত্র ব্যবহার করে। তবে প্রথম হামলায় পিছু হটে আফগান সেনারা জনবসতিতে অবস্থান নিলে সেখান থেকেও তারা গুলি চালায়। পরে পাকিস্তানি বাহিনীও জনবহুল এলাকায় লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানে।
এ ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মতামত দিন