ইসরায়েল পুরোপুরি গাজা উপত্যকা থেকে সরে গেলে তবেই প্রকৃত যুদ্ধবিরতি সম্ভব: কাতারের প্রধানমন্ত্রী।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, গাজায় এখনও প্রকৃত যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়নি। তাঁর মতে, ইসরায়েল পুরোপুরি গাজা অঞ্চল থেকে সরে গেলে তবেই সত্যিকারের স্থিতিশীলতা সম্ভব হবে।
তিনি শনিবার (৬ ডিসেম্বর) দোহায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক ফোরামে বলেন, বর্তমান পরিস্থিতি কেবল নামমাত্র যুদ্ধবিরতি মাত্র। মানুষ এখনো অবাধভাবে চলাচল করতে পারছে না। একই সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আঙ্কারার অবস্থান তুলে ধরেন।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল সেনারা ‘ইয়েলো লাইন’ পর্যন্ত পিছু হটেছে, যা গাজাকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত করেছে। তবে রাফাহ সীমান্ত এখনও খুলে দেওয়া হয়নি, এবং আইডিএফ দাবি করেছে গাজার নিহত ইসরায়েলিদের লাশ হামাসের কাছ থেকে ফেরত নিতে হবে।
ইসরায়েল ইতিমধ্যে একমুখীভাবে রাফাহ সীমান্ত খোলার প্রস্তাব দিয়েছে, যাতে ফিলিস্তিনিরা গাজা ত্যাগ করতে পারে। কিন্তু মিসর জানিয়েছে, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব ভূখণ্ডে ফিরে আসার অধিকার রাখে।
আল থানি আরও জানিয়েছেন, কাতার, তুরস্ক,মিসর এবং যুক্তরাষ্ট্র পরবর্তী ধাপ কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই ধাপের ঘোষণা আসতে পারে।

মতামত দিন