মালয়েশিয়ায় সেলায়ংয়ে বাংলাদেশিসহ ৮৪৩ অবৈধ অভিবাসী আটক।
মালয়েশিয়ার সেলানগরের সেলায়ং বারু এলাকায় শনিবার রাতে বড় আকারের অভিযান চালিয়ে ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ। অভিযানে অংশ নিয়েছিল ইমিগ্রেশন, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের একযোগে ৩৫৮ সদস্য।
অভিযানের সময় ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথিপত্রের অভাবে ৮৪৩ জনকে আটক করা হয়, যাদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশীয়, মিয়ানমার, নেপালি ও পাকিস্তানি নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশির সংখ্যা এখনও জানা যায়নি। আটক ব্যক্তিদের মধ্যে ৩৫ জন নারী এবং বয়স সীমা ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা ও জাল নথি ব্যবহার করার অভিযোগ আছে।
মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি জানিয়েছেন, রাজধানীর কাছে হওয়ায় এলাকায় অনেক অবৈধ শ্রমিক ও অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। জননিরাপত্তা রক্ষার্থে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালানো হয়েছে। এছাড়া অভিযানের সময় দুইজন মালয়েশীয়কেও মাদক সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতরা এখন আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী ভবিষ্যতেও অবৈধ অভিবাসী ও অনিয়মিত নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
মতামত দিন