দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা-ভূমিধস:নিহতের সংখ্যা ছাড়াল ১,৭৫০, এখনো নিখোঁজ শতাধিক।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধস মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৫০–এর সীমা পেরিয়ে গেছে। কোথাও কোথাও পুরো বসতি ভেসে গেছে, আবার বহু এলাকায় এখনও শত শত মানুষ নিখোঁজ।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধারকারী দল, সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দিনরাত লড়াই করে যাচ্ছেন। সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে।
ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও ৫২১ জন। শুধু সুমাত্রার আছেহ প্রদেশেই আট লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
শ্রীলঙ্কায় সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭। নিখোঁজ আছেন ২১৪ জন। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এই দুর্যোগকে “সময়ের সবচেয়ে জটিল সংকট” বলে উল্লেখ করেছেন।
থাইল্যান্ডে মৃত্যু হয়েছে অন্তত ২৭৬ জনের। এর বাইরে মালয়েশিয়া ও ভিয়েতনামে দুই দেশে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার আছেহে বন্যা-ভূমিধসের ধাক্কায় যেসব মানুষ বেঁচে ফিরেছেন, তাদের অনেকেই এখনও নিরাপদ আশ্রয় জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে—৬ ডিসেম্বর পর্যন্ত অঞ্চলে ‘অত্যন্ত ভারি বৃষ্টি’ নামতে পারে। আছেহ গভর্নর মুজাকির মানাফ বলেছেন, উদ্ধারকর্মীরা এখনও লাশ উদ্ধার করছেন এবং সামনে দারিদ্র্য, খাদ্যসংকট ও রোগবালাই—সবকিছু মিলিয়ে আরও বড় হুমকি তৈরি হতে পারে।

মতামত দিন