আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আলোচনায় অগ্রগতি না থাকায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি, নিহত ৪।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে অনুষ্ঠিত শান্তি আলোচনায় কোনো সমাধান না মেলার পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন করে উসকে উঠেছে। কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলিতে চারজন আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার স্পিন বোলদাক জেলার গভর্নর স্থানীয় গণমাধ্যমকে জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সীমান্তের ওই অংশে হঠাৎ ভয়াবহ সংঘর্ষ শুরু হয় এবং তীব্র গুলিবিনিময়ের মধ্যেই সাধারণ মানুষের মৃত্যু ঘটে। এ তথ্য আলজাজিরা জানিয়েছে।

তালেবান প্রশাসন দাবি করছে, পাকিস্তানি সেনারা কোনো পূর্বঘোষণা ছাড়াই কান্দাহারের সীমান্ত অঞ্চলে হামলা চালায়। বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, চামান সীমান্তে আফগান বাহিনীই প্রথমে উসকানিমূলক গুলি ছোড়ে।

ইসলামাবাদের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও নাগরিকদের সুরক্ষায় বাহিনীকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকেও দুই দেশের উত্তেজনা কমানোর উদ্যোগে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। উভয়পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখার কথা বললেও কথার মধ্যেই বাস্তবে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে।

মতামত দিন