ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা চালাতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে যে কর্মকাণ্ড করছে তা ‘দস্যুতা’ হিসেবে গণ্য হবে।
পুতিন আরও বলেন, “আমরা সম্ভাব্যতা যাচাই করছি, যদি প্রয়োজন হয়, তবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে এমন দেশের জাহাজের ওপরও আঘাত করা যেতে পারে।” তিনি সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে আগের মতো হামলার সুযোগ আর না থাকে।
৭৩ বছর বয়সী রাশিয়ান প্রেসিডেন্ট আশাবাদ প্রকাশ করেছেন যে, ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতারা তাদের কর্মকাণ্ডের ফলাফল নিয়ে পুনর্বিবেচনা করবেন।
গত দুই দিনে রাশিয়ার তিনটি ট্যাংকার লক্ষ্যবস্তু হয়েছে; ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এসব হামলায় সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার মস্কো সফরে গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তি আলোচনা করেন। তবে পাঁচ ঘণ্টার বৈঠক ফলপ্রসু হয়নি বলে জানিয়েছেন মস্কোর কর্মকর্তা ইউরি উসাকোভ।

মতামত দিন