বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন রায় ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট নতুন রায় দিয়েছেন, যার মাধ্যমে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ (এমএফএলও)-এর ধারা ৭ অনুযায়ী, যেকোনো ধরনের তালাক ৯০ দিনের মধ্যে বাতিল করা যাবে।
রায়ে আদালত স্পষ্ট করেছেন, ধারা ৭ সব ধরনের তালাকের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি মৌখিকভাবে তিন তালাক (তালাক-এ-বিদআত) উচ্চারণের ক্ষেত্রেও।
ধারা ৭(১) অনুযায়ী, স্বামী যখন তালাক দেন, তখন তাকে লিখিত নোটিশ প্রদান করতে হবে এবং এর একটি কপি ইউনিয়ন কাউন্সিল বা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে হবে। ধারা ৭(৩) অনুযায়ী, নোটিশের দিন থেকে ৯০ দিন পার না হলে তালাক কার্যকর হবে না, যদি না স্বামী আগে তা বাতিল করেন।
তিন সদস্যের বেঞ্চের রায়ে বলা হয়েছে, মুখে উচ্চারণ করলেই তালাক কার্যকর হবে না; ৯০ দিন পরই তা কার্যকর হবে, যদি এর আগে বাতিল না করা হয়।
জাস্টিস মুহাম্মদ শফী সিদ্দিকী উল্লেখ করেছেন, এই বিধান হঠাৎ বা আবেগের বশে দেওয়া তালাক প্রতিরোধ এবং স্বামী-স্ত্রীর পুনর্মিলনের সময়সীমা নিশ্চিত করার উদ্দেশ্যে আনা হয়েছে।
এছাড়া, আদালত জানিয়েছে, স্ত্রীও স্বামীর মতোই তালাকের অধিকার ব্যবহার করতে পারবেন এবং একই নিয়ম ও সীমাবদ্ধতার মধ্যে এটি প্রয়োগ করতে হবে।
তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

মতামত দিন