সিডনিতে মাঝ আকাশে ফরমেশন ফ্লাইটে দুই বিমান সংঘর্ষ, পাইলট নিহত।
অস্ট্রেলিয়ার সিডনির আকাশে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। ফরমেশন ফ্লাইটে অংশ নেওয়া দুটি ভ্যান’স আরভি-৭ মডেলের বিমান আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাটি রবিবার (৩০ নভেম্বর) বেলা প্রায় ১১টা ৫০ মিনিটে সিডনির ওয়েডারবার্ন ন্যাপার ফিল্ডে সংঘটিত হয়। জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের পর একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অপর বিমান ভূমিতে বিধ্বস্ত হয় এবং পাইলট ঘটনাস্থলেই মারা যান। অপর বিমানের পাইলট কোনোভাবে আহত হননি।
পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি নিকটবর্তী ঝোপঝাড়ে পড়ে। নিহত পাইলট নিউ সাউথ ওয়েলস স্পোর্ট এয়ারক্রাফ্ট ক্লাবের সদস্য ছিলেন এবং নিয়মমতো ফরমেশন ফ্লাইট অনুশীলন করছিলেন।
এটিএসবির চারজন তদন্তকারী ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। তারা ধ্বংসাবশেষ পরীক্ষা, মানচিত্র প্রস্তুত, প্রমাণ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শী ও বিমান চালকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বিমান ও পাইলটের রেকর্ড এবং আবহাওয়ার তথ্যও যাচাই করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনের প্রকাশ দুই মাসের মধ্যে হবে।
প্রত্যক্ষদর্শী জন তারু বলেন, “আজ আবহাওয়া খুব খারাপ ছিল। একজন পাইলট প্রথমে সরে যায় এবং আরেকজন তার পেছনে চলে আসে। তারপর হঠাৎ বিকট শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম কেউ আমার হ্যাঙ্গারের ওপর নেমেছে। পরে দেখি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।”

মতামত দিন