আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি অভিযানে ১৩ নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ সিরিয়ার পাহাড়ি বসতি বেইত জিন এক রাতেই শোকাবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে। হঠাৎ শুরু হওয়া ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই হামলাকে সরাসরি “ইসরায়েলি আগ্রাসন” বলে দোষারোপ করেছে।

ইসরায়েল অবশ্য দায় এড়িয়ে বলছে—তাদের টহলদল আগে গুলিবিদ্ধ হলে আত্মরক্ষায় অভিযান চালাতে বাধ্য হয়। তাদের দাবি, লক্ষ্য ছিল জামা’আ ইসলামিয়ার সন্দেহভাজন সদস্যরা। এতে ছয় সেনা আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক।

কিন্তু গ্রামবাসীর বয়ানে চিত্রটা পুরো উল্টো। স্থানীয়রা বলছেন, এলাকা শান্ত ছিল, এমন কোনো সশস্ত্র গোষ্ঠী তারা দেখেননি। ইসরায়েলি বাহিনী আচমকা ঢুকে পড়ে; গোলাগুলি শুরু হলে সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি করেন। বেসামরিক নারী ও শিশু নিহতদের মধ্যেই রয়েছেন। ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি, বহু পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছে।

এ অবস্থায় জাতিসংঘের সিরিয়া বিষয়ক সহকারী বিশেষ দূত নাজাত রোচদি কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন—এই অভিযান সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এমন হামলা অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

মতামত দিন