যুদ্ধবিরতির ছয় সপ্তাহের মধ্যে গাজায় আইডিএফ-এর অন্তত ৫০০ হামলা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও অন্তত ৫শ' বার ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) অন্তত চার ফিলিস্তিনি মারা গেছেন, বহুজন আহত হয়েছেন।
ফিলিস্তিন ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপ থেকে আরেকজন ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে দক্ষিণ বানি সুহেইলার এক ব্যক্তি রয়েছেন, যাকে ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। এছাড়া উত্তর গাজার এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আবু আজুম নামের আল জাজিরার প্রতিবেদক জানান, দিনব্যাপী হামলা অব্যাহত ছিল। আর্টিলারি, বিমান ও হেলিকপ্টার স্ট্রাইক সহ নানা ধরনের সামরিক কার্যক্রম চলেছে গাজার উত্তর ও দক্ষিণ অংশে। ইয়োলো লাইনের বাইরের এলাকায় বিস্তৃত হামলার কারণে পূর্বগাজার বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যগাজার মাঘাজি ক্যাম্পে একটি পরিবারের আটজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, পুলিশ ও রেড ক্রসের সদস্যরা অংশ নিয়েছেন। গাজা সরকারের তথ্যে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতির পর থেকে মোট ৫৮২টি দেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।
মার্কিন সমর্থিত মানবিক সংস্থা জিএইচএফ ঘোষণা করেছে, তারা গাজায় তাদের কার্যক্রম শেষ করছে। সংস্থাটি বলেছে, অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির কারণে তাদের কাজ স্থগিত করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের মে থেকে বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে কমপক্ষে ৮৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিগোষ্ঠীর হাতে অন্তত ১,০৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২২৩ শিশু রয়েছেন। আহতের সংখ্যা ১০,৬১৪ এবং গ্রেফতার হয়েছেন ২০,৫০০-এর বেশি ফিলিস্তিনি।
মতামত দিন