আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ৯০,নিখোঁজ অন্তত ১২ জন।

নিজেস্ব প্রতিবেদক:

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চল এবং সেন্ট্রাল হাইল্যান্ডসে হঠাৎ আঘাত হানা বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এছাড়া এখনও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।

এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বাঁধ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যার কারণে প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে ডাক লাক প্রদেশে, যেখানে মৃত্যুর সংখ্যা ৬৩। ন্যা ট্রাং শহর ও খান্‌হ হোয়া প্রদেশে প্রাণ হারিয়েছেন ১৪ জন, লাম ডংয়ে ৫ জন, জিয়া লাইয়ে ৩ জন এবং হুয়ে ও দা নাং-এ দু’জন করে মারা গেছেন। কোয়াং ত্রি প্রদেশেও একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

বন্যায় ১,১৫৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস এবং প্রবল স্রোতের কারণে অনেক মহাসড়ক ও গ্রামীণ রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করেছে।

প্রাথমিক সময়ে প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে ২ লাখ ৫৭ হাজার পরিবার এখনও বিদ্যুৎ সংযোগ ফিরে পায়নি। ফলে মোবাইল ও ইন্টারনেট সেবাতেও ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিং জানিয়েছেন, বন্যা মোকাবিলার জন্য আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ৭০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ২৬.৬ মিলিয়ন মার্কিন ডলার) জরুরি সহায়তা দিয়েছে।

এদিকে সেনাবাহিনী এবং পুলিশ উদ্ধার তৎপরতায় মাঠে কাজ করছে। পানি ও রোগব্যাধির কারণে কমপক্ষে ৩.২৪ মিলিয়ন গবাদি পশু ও হাঁস-মুরগি মারা গেছে বা ভেসে গেছে।

মতামত দিন