মক্কা–মদিনা সড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস–ট্যাংকার সংঘর্ষে ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের সবাই ভারতের নাগরিক, যাদের বেশিরভাগই তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটে সোমবার ভোররাতে মদিনার মুফরিহাট এলাকায়। বাসটি মক্কা থেকে ওমরাহযাত্রীদের নিয়ে মদিনার উদ্দেশে রওনা হয়েছিল। সংঘর্ষের সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়, আর এ কারণে হতাহতের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মৃতদের পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এ দুর্ঘটনা থেকে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন ব্যক্তির বেঁচে যাওয়ার খবর পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখনো অজানা।
দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার জানিয়েছে যে তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন।
মতামত দিন