নেপালের ইয়ালুং রিতে তুষারধস: ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ আরও ৪।
নিহতদের মধ্যে একজন ফরাসি ও দুইজন নেপালি নাগরিক রয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন চারজন বিদেশি—দুই ইতালীয়, একজন জার্মান ও একজন কানাডিয়ান পর্বতারোহী।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে ১৫ জনের একটি দল ইয়ালুং রি বেস ক্যাম্পের দিকে রওনা হলে হঠাৎ তুষারধসের কবলে পড়ে। কয়েকজন আহত অবস্থায় কোনোভাবে বেস ক্যাম্পে ফিরে এলে শুরু হয় উদ্ধার অভিযান। ইতিমধ্যে হেলিকপ্টার ও পায়ে হেঁটে অনুসন্ধান চলছে।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার উদ্ধারকাজে ব্যাহত হচ্ছে। তবে স্থলপথে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে হিমালয়সংলগ্ন এলাকায় ভারি তুষারপাত হয়েছিল। এর ফলে ওই অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
উল্লেখ্য, বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত—যার মধ্যে অন্যতম এভারেস্ট।
মতামত দিন