ট্রাম্প ঘোষণা করলেন চীনের শুল্ক ৫৭% থেকে কমিয়ে ৪৭% করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের জানান, চীনের আমদানিতে শুল্ক হ্রাসের বিনিময়ে বেইজিং পুনরায় মার্কিন সয়াবিন ক্রয় শুরু করবে, বিরল মৃত্তিকা রপ্তানি চালু রাখবে এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য বন্ধ রাখবে।
ট্রাম্প বলেন, বৈঠকটি “অসাধারণ” ছিল এবং তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য সাফল্যের কথাও তুলে ধরেছেন।
দ্বিপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এবং প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। তবে বিশ্লেষকরা শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্পর্কিত এই সমঝোতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বুসানে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো বসেন দুই দেশের প্রেসিডেন্ট। আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে তারা উভয়েই নিজ দেশে ফেরেন। ধারণা করা হচ্ছে, বৈঠকে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এবং শুল্ক যুদ্ধের ইস্যুতে কিছু সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

মতামত দিন