পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৪।
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মাদকবাহী আরেকটি জাহাজে বিমান হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী। সম্প্রতি একই অঞ্চলে তিনটি পৃথক হামলায় ১৪ জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই এ অভিযান চালানো হলো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, সর্বশেষ এই হামলাটি পরিচালিত হয়েছে মাদক চোরাচালানের অভিযোগে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে এক্স-এ দেওয়া বিবৃতিতে জানান, অভিযানে জড়িত জাহাজটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। হামলায় চারজন নিহত হয়।
হেগসেথ বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই জাহাজটি একটি পরিচিত মাদকপাচার রুটে চলাচল করছিল। তিনি আরও জানান, এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি বিশেষ অভিযান ছিল, তবে হামলার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করেননি।
হামলায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার তিন দেশ সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন—২০১৯ সালের পর এটি তাদের প্রথম মুখোমুখি শীর্ষ বৈঠক। এর আগে ট্রাম্প জাপান ও মালয়েশিয়া সফর করেন।

মতামত দিন