আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ব্রাজিলে পুলিশের ভয়াবহ অভিযানের পর রাস্তায় মিলল ৬০ মরদেহ।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা এলাকায় পুলিশের একটি ভয়াবহ অভিযানের পর স্থানীয় সড়কে ৬০ জনের বেশি মৃতদেহ পাওয়া গেছে। বুধবার স্থানীয়রা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়দের বক্তব্য, এই অভিযানটি শহরের ইতিহাসে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান ছিল। মঙ্গলবার রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, এক সংঘবদ্ধ মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তবে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে রাস্তায় পাওয়া মৃতদেহের সংখ্যা সরকারি হিসাবে অন্তর্ভুক্ত ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ আত্মীয়দের খুঁজতে গিয়ে তারা বসতির পেছনের বনাঞ্চল থেকে লাশগুলো উদ্ধার করে রাস্তায় স্তূপ করেছেন। ছবিতে দেখা গেছে, শোকাহত পরিবারগুলো মরদেহের পাশে দাঁড়িয়ে দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিহত এক তরুণের মা তাউয়া ব্রিতো বলেন, “আমি শুধু আমার ছেলেকে সৎকার করতে চাই।”

ব্রাজিলে এই সামরিক ধাঁচের অভিযানের ফলে ব্যাপক প্রাণহানি ঘটে, যা বিভিন্ন মানবাধিকার সংগঠন তীব্রভাবে সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, এটি প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পুলিশের প্রাণঘাতী অভিযানের চলমান প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে এবং কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

অভিযান নিয়ে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এখনও কোনো মন্তব্য করেননি। রাজ্য সরকার জানিয়েছে, তারা ‘কমান্ডো ভারমেলিও’ নামের মাদক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে এবং ফেডারেল সরকারের কোনো সহায়তা নেয়নি।

উল্লেখযোগ্য, রিওতে সামান্য কয়েকদিনের মধ্যে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩০), সি৪০ সম্মেলন এবং ব্রিটিশ প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কারের মতো আন্তর্জাতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সহিংস অভিযান সেই প্রেক্ষাপটের মধ্যেই ঘটেছে।

মতামত দিন